চলতি মাসের শুরুতে নেইমার চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। দেড়মাস ছিলেন মাঠের বাইরে। ব্রাজিলের ঘরোয়া লিগ সিরি আ’তে ফিরে ফোর্তালেজার বিপক্ষে বদলি নেমে খেলেন ২২ মিনিট। ফ্লেমেঙ্গোর বিপক্ষে শুরুর একাদশে নেমেছিলেন সোমবার। পাননি গোলের দেখা। গোল না পেলেও হলুদ কার্ড দেখেছেন এ তারকা।
ফ্লেমেঙ্গোর বিপক্ষে সোমবার ভোরে মারাকানায় ৩-২ ব্যবধানে হেরেছে নেইমারের ক্লাব সান্তোস। পুরো ম্যাচে পিছিয়ে থেকে তিন গোল হজম করে নেইমারের সতীর্থরা অন্তিম মূহূর্তে ফ্লেমেঙ্গোর জালে দুই গোল জড়ালেও সান্তোসের সমতায় ফেরা হয়নি।
৬ নভেম্বর পালমেইরাসের বিপক্ষে খেলেননি নেইমার। পরে ফোর্তালেজার বিপক্ষে শুরুর একাদশে না খেললেও এবার শুরুর একাদশে খেললেন। লিগে ধুঁকতে থাকা সান্তোস হেরেছে সর্বশেষ দুই ম্যাচেই।
নেইমারের সান্তোসের অবস্থান লিগের অবনমন অঞ্চলে। ১৭তম অবস্থানে তারা। সান্তোস শেষ জয়ের দেখা পেয়েছিল পাঁচ ম্যাচ আগে।
সেপ্টেম্বরে সান্তোসে অনুশীলনের সময় ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন ৩৩ বর্ষী ফরোয়ার্ড। সৌদির ক্লাব আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে চতুর্থবার ডান পায়ে চোট পেয়েছিলেন ও সেরে দলে ফিরেছেন, তবে জাতীয় দলে ডাক পাচ্ছেন না।








