দুমাসেরও কম সময় বাকি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে চলা ফিফা বিশ্বকাপের। একমাসের মধ্য স্কোয়াড ঘোষণা করবে দলগুলো। বেশি আলোচনায় আছে ব্রাজিল। একের পর এক সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়ে গেছেন চোট সংক্রান্ত কারণে ডাক পাবেন না নেইমার জুনিয়র। সেলেসাও কোচের সবশেষ কথায় অবশ্য অন্য সুর, বিশ্বকাপ দলে ডাক পাওয়ার সম্ভাবনা জাগছে হলুদ সাম্বাদের সর্বোচ্চ গোলদাতার।
পেশীর চোট থেকে সেরে ওঠার পরও ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ নেইমারকে রাখেননি ইতালিয়ান এ কোচ। আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল কনফেডারেশন বরাবরই স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিরতে হলে নেইমারকে শারীরিকভাবে শতভাগ ফিট থাকতে হবে। কোচের স্পষ্ট বক্তব্য ছিল, প্রতিভা নিয়ে কোন প্রশ্ন না থাকলেও, দল নির্বাচনের ক্ষেত্রে শারীরিক প্রস্তুতিই হল সর্বোচ্চ অগ্রাধিকার। কোন বড় টুর্নামেন্টের কঠোর চাহিদা মেটাতে না পারলে বড় তারকাদের জন্য কোন বিশেষ সুবিধা দেয়া হবে না।
এবার অবশ্য আনচেলত্তির সুর কিছুটা নরম, ‘নেইমার ফিরতে সক্ষম। এটা বেশ কয়েকবার বলেছি, এবং এটা খুবই স্পষ্ট। আমি কেবল শারীরিকভাবে প্রস্তুত খেলোয়াড়দেরই দলে ডাকব। ডিসেম্বরে হাঁটুতে চোট পাওয়ার পর নেইমার ভালোভাবে সেরে উঠেছে। গোলও করছে। তাকে এই পথেই এগিয়ে যেতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে। সে সঠিক পথেই আছে।’
যদিও নেইমার ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে লাতিন আমেরিকার বাছাইপর্বের ম্যাচের পর আর আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। আগামী ১৮মে বিশ্বকাপের চূড়ান্ত দল জানাবেন আনচেলত্তি। তার ভাষ্যে, সব ঠিক থাকলে এবং একইভাবে চলতে থাকলে বিশ্বকাপে জাতীয় দল জার্সিতে দেখা যেতে পারে ব্রাজিল জার্সিতে সর্বোচ্চ গোলদাতা নেইমারকে।







