পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে জিতে এগিয়ে ছিল নিউজল্যান্ড। তৃতীয়টিতে পাকিস্তান জিতে লড়াইয়ে ফেরে। চতুর্থ টি-টুয়েন্টিতে জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের বড় ব্যবধানে হারিয়েছে কিউইবাহিনী। ১১৫ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে মিচেল ব্রেসওয়েলের দল।
মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২২০ রান করে। জবাবে ১৬.২ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
আগে ব্যাটে নামা কিউইদের মধ্যে তাণ্ডব চালিয়েছেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। অ্যালেন ৬ চার ও ৩ ছক্কায় ২০ বলে ৫০ রান করেন। সেইফার্ট ৩ চার ও ৪ ছক্কায় ২২ বলে ৪৪ রান করেন। শেষদিকে মিচেল ব্রেসওয়েল ২৬ বলে ৪৬ রান করেন। তার ইনিংসে ছিল ২ ছক্কা ও ৫ চারের মার। ড্যারিল মিচেল ২৩ বলে ২৯ এবং মার্ক চ্যাপম্যান ১৬ বলে ২৪ রান করেন।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩ উইকেট নেন। আবরার আহমেদ নেন ২ উইকেট।
জবাবে নেমে পাকিস্তান ব্যাটিং ব্যর্থতা দেখেছে। কেবল দুজন দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। আব্দুল সামাদ ৩০ বলে ৪৪ রান এবং ইরফান খান ১৬ বলে ২৪ রান করেন।
কিউইদের মধ্যে জ্যাকব ডাফি ৪ উইকেট এবং জাকারি ফুলকেস ৩ উইকেট নেন।








