ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিংয়ে ঘরের মাঠে সুবিধা করতে পারছে না নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ইংলিশদের দেয়া ৪৩৫ রানের জবাবে ব্যাট করতে রীতিমতো ধুঁকছে স্বাগতিকরা। ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টিম সাউদির দল। এরই মধ্যে ফলোঅনের শঙ্কায় পড়েছে নিউজিল্যান্ড। ২৯৭ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের ফলোঅন এড়াতে স্কোরবোর্ডে যোগ করতে হবে আরও ৯৮ রান।
ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৬৫ ওভারে ৩ উইকেটে ৩১৫ রান তোলে ইংল্যান্ড। শনিবার দ্বিতীয় দিনের শুরুতেই হেরি ব্রুক ও জো রুটের ২৯৪ রানের জুটি ভাঙ্গে কিউই পেসার হেনরি নিকোলস। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সম্ভাবনা দেখিয়ে ১৭৬ রানে ১৮৬ রান করে সাজঘরের পথ ধরেন ব্রুক। এ যাত্রায় ২৪টি চার ৫টি ছক্কা মারেন এ ব্যাটার।
ব্রুক ফিরে গেলেও উইকেটে থিতু হয়ে ব্যাট চালাতে থাকেন ইংলিশদের টপ অর্ডার ব্যাটার রুট। তাকে সঙ্গ দিতে নেমে অধিনায়ক বেন স্টোকস ২৮ বলে ১৭ রান করে আউট হন। উইকেটকিপার ব্যাটার বেন ফোকস আর স্টুয়ার্ট ব্রডকে মিচেল ব্রেসওয়েল তুলে নিলে ৪০০ রানের আগেই ৭ উইকেট হারায় ইংল্যান্ড।
এল প্রান্ত থেকে দারুণ ব্যাট করতে থাকা রুট আগের দিনের সেঞ্চুরিকে দেড়শ রানে পরিণত করেন। ২২৪ বলে ১০ চার আর ৩ ছক্কায় অপরাজিত ১৫৩ রান করলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। রুটের সঙ্গে ৫ বলে ৬ রানে অপরাজিত ছিলেন আরেন ব্যাটার অলি রবিনসন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৩৫ রান করে ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি নেন ৪ উইকেট। দুই উইকেট শিকার অফস্পিনার মিচেল ব্রেসওয়েল।
জবাবে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। টেস্ট র্যাঙ্কিংয়ে চার বছর পর শীর্ষে ওঠা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন তোলে নেন একে একে তিনটি উইকেট। ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন ও উইল ইয়ংকে শিকারে পরিণত করেন ৪০ বর্ষী ডানহাতি এ পেসার। তাদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।
টানা তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। অন্য প্রান্ত থেকে উইকেট ধরে খেলার চেষ্টা করেও ব্যর্থ হন আরেক ওপেনার টম লাথাম। ৭৬ বলে ৩৫ করে জ্যাক লিচের বলে আউট হন তিনি। এরপর টানা দুই উইকেট নেন লিচ। হেনরি করেন ৩০ রান ও মিচেলের ব্যাট থেকে আসে ১৩ রান। ১০০ রানে ৭ উইকেট হারালে শঙ্কায় পড়ে ফলোঅনের।
১০৩ রানে ৭ উইকেট হারানোর পর টম ব্লান্ডেল আর টিম সাউদি দলকে অলআউট হওয়া থেকে রক্ষা করেন। ৫৫ বলে ২৫ রান করে অপরাজিত আছেন ব্লান্ডেল অন্যদিকে অধিনায়ক সাউদি ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থেকে দ্বিতীয় খেলা শেষ করেন।
ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ও লিচ ৩টি করে উইকেট নেন। এছাড়া ব্রড নেন একটি উইকেট।








