রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা আগুনে ২৫০টির মতো দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
শনিবার দুপুরে তিনি বলেন: আগুন লাগা নিউ সুপার মার্কেটের তিন তলা ভবনে ১২শ’র মতো দোকান রয়েছে। আমরা এখন পর্যন্ত ধারণা করছি প্রায় ২৫০টির মতো দোকান পুড়ে গেছে। কারণ একপাশ আগুনে একেবারে পুড়ে গেছে। এছাড়াও অনেকগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ভেতরে ঢুকলে আসল চিত্র জানা যাবে। আমরা এখনো ভেতরে ঢুকতে পারিনি।
তিনি জানান, বঙ্গবাজারের ক্ষত কাটতে না কাটতেই নিউ মার্কেটে আগুন লাগলো। আমরা এই আগুনের দ্রুত তদন্ত চাচ্ছি। কোনও নাশকতা কী না অন্য কিছু তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। এরপর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটাই আমাদের চাওয়া।
শনিবার প্রধনমান্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় বলেন: বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখতে হবে। একইসাথে দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে।
একইসঙ্গে অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আমাদের মার্কেটগুলো যেভাবে তৈরি করা, যার বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ফায়ার সার্ভিস অনেকগুলো মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। পুলিশের পক্ষ থেকে আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হবে।
অন্যদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ দমকলকর্মীসহ মোট ৩১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হন বলে জানা যায়।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও দুপুর এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি।
আগুন নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় র্যাব-পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।








