বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে দুইটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

ডিএমটিসিএল জানায়, ১৪ এপ্রিল (৩১ বৈশাখ, ১৪০৩ বঙ্গাব্দ) মঙ্গলবার শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। নববর্ষের জনসমাগম ও নিরাপত্তাজনিত ব্যবস্থাপনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য স্টেশন ও রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।







