বলিউডে ঈদ মানেই সালমান খানের নতুন সিনেমা। যদিও গেল চার বছর সেই রীতির ব্যতিক্রম ঘটেছে। তবে চার বছরের বিরতি কাটিয়ে এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমানের সিনেমা। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুক্রবার (২১ এপ্রিল) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’। আর তাতেই যেন পুরো ঈদের আমেজে মজেছে সালমান ভক্তরা।
করোনা পরবর্তী মন্দার বাজারে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি যেভাবে ব্যবসা করেছে তা অনেকেই ভাবতে পারেননি। সেই ছবির অগ্রিম বুকিং খুলে দেওয়া হয়েছিল ছবি মুক্তির দিন পাঁচেক আগেই। আর মুক্তির প্রথম দিনেই ছবিটি ঘরে তুলেছিল ৫৭ কোটি রূপি। যা বলিউডের যে কোন ছবির তুলনায় সর্বোচ্চ প্রথম দিনের আয়। তবে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ কি এতটা জমতে পারবে? প্রশ্ন এখন সেটিই!
জানা গেছে, সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’র প্রি বুকিং শুরু হয়েছিল তিন দিন আগে গত (১৮ এপ্রিল) মঙ্গলবার। যেখান থেকে ছবিটির টিকিট প্রি বুকিং-এর গতি খুবই মন্থর বলে জানা গেছে। আশা করা যাচ্ছে, ছবিটি প্রথম দিন আয় করবে ১৮ থেকে ২০ কোটি রুপি। যা সালমানের সিনেমা হিসেবে অনেকটাই কম। আর যদি প্রথম দিনের আয় ২০ কোটি হয়, তাহলে হয়তো সব মিলিয়ে ছবির বক্স অফিস আয় গিয়ে দাঁড়াবে ৩০০ থেকে ৩৫০ কোটি। অর্থাৎ, সেটি ‘পাঠান’র তুলনায় অনেক কম।
তবে চার বছর পর ঈদে সালমানের সিনেমা মুক্তি নিয়ে দর্শকদের মাঝে যেহেতু আলাদা এক উম্মাদনা কাজ করছে, সেহেতু আয়ের দিক থেকে রেকর্ড গড়ারও সম্ভাবনা রাখে ছবিটি।
জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’ এর হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কা জান’। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। সালমান ছাড়াও ছবিটিতে দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতিকে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








