প্রথম ম্যাচে নেপালের মেয়েদের কাছে কোনরকম পাত্তা পায়নি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, নেপালের কাছে হারলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। জয়ে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নেপাল।
দ্বিতীয় ম্যাচে ৭ পয়েন্ট ব্যবধানে হেরেছেন শ্রাবণী-মেবিরা। নেপাল জয় পেয়েছে ২৯-২২ পয়েন্টে। নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে আগেরদিনের ছন্দ এ ম্যাচেও ধরে রাখেন নেপাল খেলোয়াড়রা। শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী তারা।
প্রথমদিনের চেয়ে দ্বিতীয় ম্যাচের খেলায় ভালো গতি ছিল বাংলাদেশের। নেপাল এগিয়ে যেতে থাকলেও পয়েন্টের খোঁজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে ১০ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এসময় নেপালের পয়েন্ট ছিল ১৮, বাংলাদেশের ৮।
বিরতি থেকে ফিরে দারুণ খেলেছে লাল-সবুজের দলটি। সুপার ট্যাকেলে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নেন রুপালি-স্মৃতিরা। দ্বিতীয়ার্ধে নেপালের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ১৪ পয়েন্টের বিপরীতে নেপাল পেয়েছে ১১। প্রথমার্ধে পিছিয়ে থাকায় হেরে খেলা শেষ করে বাংলাদেশ দল।
কোচ আরদুজ্জামান মুন্সী বাংলাদেশের উন্নতির অনেক জায়গা দেখছেন। দ্বিতীয় ম্যাচে তার দল ভালো খেলেছে বলে জানিয়েছেন। মঙ্গলবার একই ভেন্যুতে হবে সিরিজের তৃতীয় ম্যাচ।








