অবশেষে কার্যকর হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার আওতায় কেবল নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করা হবে। বর্তমানে ব্যবহার হচ্ছে বা এর আগে আমদানি ও বিক্রি হওয়া কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ (১ জানুয়ারি) বৃহস্পতিবার থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এনইআইআর কার্যকর করেছে। এর আগে, এনইআইআর চালুর কার্যক্রম পিছিয়ে দিয়েছিল। ব্যবসায়ীদের দাবির মুখে অবিক্রিত বা স্টকে থাকা ফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। গতকাল বছরের শেষ দিনে সেই সময়সীমা শেষ হয়েছে।
বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা অনুমোদিত কিংবা অননুমোদিত কোনো হ্যান্ডসেট বন্ধের পরিকল্পনা নেই বিটিআরসি’র। ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত যেসব ফোনের আইএমইআই নম্বর বিটিআরসিতে জমা দেওয়া হয়েছে, সেগুলোও এনইআইআর কার্যক্রমের কারণে বন্ধ হবে না বলে জানিয়েছে বিটিআরসি।
এনইআইআর কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে নেটওয়ার্কে যুক্ত হওয়া নতুন অবৈধ হ্যান্ডসেট শনাক্ত ও নিয়ন্ত্রণ করা। ফলে নতুন করে নিবন্ধনহীন বা গ্রে মার্কেটের ফোন নেটওয়ার্কে সংযোগ পাবে না বলেও জানিয়েছে।







