নির্বাচনে জয়ী হওয়ার পর জামায়াত ও এনসিপি’র নেতাদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তার এই উদ্যোগকে ‘রাজনৈতিক শিষ্টাচার’-এর অনন্য নজীর বলে মনে করছেন সাধারণ মানুষ।
অভিনেতা, উপস্থাপন ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ও তারেক রহমানের এই কাজটিকে ‘রাজনৈতিক নতুন কালচার’ বলে প্রশংসা করলেন।
সোমবার দুপুরে দেয়া এক ফেসবুক পোস্টে জয় বলেন, আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান বিরোধী মতের মানুষের বাসায় গিয়ে যে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছেন, তা দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
জয়ের ভাষ্য, সবাইকে নিয়েই বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ—এই স্লোগানের পথেই তিনি হাঁটছেন। ভবিষ্যতে যিনি তথ্য কিংবা সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পাবেন, আশা করি তিনি শিল্প ও সংস্কৃতি অঙ্গনের সবাইকে নিয়ে ভেদাভেদ ভুলে কাজ করবেন।
শিল্পীদের প্রসঙ্গে জয় বলেন, শিল্পীরা কাদামাটির মতো, শিল্পীরা পানির মতো। যেভাবে গড়বেন, যে রঙের বোতলে রাখবেন, সেভাবেই ফুটে উঠবেন। তাই তাদের ইতিবাচকভাবে গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের।
তিনি আরও মন্তব্য করেন, খেলাধুলার মতো শিল্প ও সংস্কৃতিকেও সমান গুরুত্ব দেয়া উচিত। শুধু ভারত-পাকিস্তান নয়, বিশ্বের সব জায়গায় শিল্পী ও সাহিত্যিকের মূল্য প্রাইসলেস। তাদের সম্মান দিন, মূল্য দিন মূল্য ফিরে পাবেন।
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে বিশ্বপরিমণ্ডলে ছড়িয়ে দিতে মেধা বিকাশ ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধির আহ্বান জানান শাহরিয়ার নাজিম জয়। তার মতে, ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করে সবাইকে সঙ্গে নিয়েই নতুন উদ্যমে কাজ শুরু করা সম্ভব।







