বিনোদন

৭ বছর পর ৩০ তম মঞ্চায়ন নিয়ে ফিরছে ‘নভেরা’

৭ বছর পর ৩০ তম মঞ্চায়ন নিয়ে ফিরছে ‘নভেরা’

সাত বছরের বিরতি শেষে আবারও মঞ্চে ফিরছে ধ্রুপদী আর্ট সেন্টারের প্রথম প্রযোজনা একক নাটক ‘নভেরা’।

বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ নভেরা আহমেদের জীবন, শিল্প, প্রেম, নিঃসঙ্গতা ও শিল্পীসত্তার নানা দিক নিয়ে নির্মিত নাটকটির ৩০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর।

শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতিতে মঞ্চস্থ হবে নাটকটির বিশেষ এই প্রদর্শনী।

২০১৬ সালে প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে ‘নভেরা’র যাত্রা শুরু হয়। হাসনাত আবদুল হাইয়ের মূল রচনা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান। নির্দেশনায় রয়েছেন সাজ্জাদ রাজীব। নাটকটির একক অভিনয়ে দেখা যাবে সামিউন জাহান দোলাকে।

বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের ইতিহাসে নভেরা আহমেদ এক স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ নাম। প্রচলিত শিল্পভাবনা ও সামাজিক কাঠামোর বাইরে নিজের শিল্পভাষা নির্মাণ করেছিলেন তিনি। তার জীবন ও শিল্পচর্চায় প্রতিফলিত হয়েছে স্বাধীনতার আকাঙ্ক্ষা, ব্যক্তিস্বাতন্ত্র্য, প্রেম, নিঃসঙ্গতা এবং নিরন্তর অনুসন্ধানের গল্প। একসময় জনপরিসর থেকে অনেকটা নীরবে সরে যাওয়া এই শিল্পীকে তার শিল্পকর্ম ও অন্তর্জগতের মধ্য দিয়ে মঞ্চে তুলে ধরেছে ‘নভেরা’।

নাট্যকার ও নির্দেশকের শিল্পভাবনায়, ‘নভেরা’ কেবল একজন ভাস্করের জীবনকাহিনি নয়; বরং নিজস্ব পথ নির্মাণ, প্রচলিত সীমা অতিক্রম এবং প্রতিকূলতার মধ্যেও সৃষ্টিশীলতার প্রতি অবিচল থাকার এক আখ্যান। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সেই ছাই থেকেই আবার উঠে দাঁড়ানোর প্রতীকী শক্তিও এখানে নভেরার জীবন ও শিল্পের সঙ্গে মিশে গেছে।

প্রায় ১ ঘণ্টা ১০ মিনিটের এই একক নাটকে একজন অভিনেতার অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে নভেরার বহুমাত্রিক ব্যক্তিসত্তা ও শিল্পীসত্তা। দীর্ঘ বিরতির পর মঞ্চে ফেরা এবং একই সঙ্গে ৩০তম প্রদর্শনীতে পৌঁছানো—দুই দিক থেকেই প্রযোজনাটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে আয়োজক ধ্রুপদী আর্ট সেন্টার।

নাটকটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০, ৩০০, ৫০০ ও ১ হাজার টাকা। নভেরা আহমেদের জীবন ও শিল্পভাবনার সঙ্গে দর্শকদের নতুন করে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে এই বিশেষ মঞ্চায়ন।

বিষয়:নভেরা নভেরা আহমেদ ভাস্কর্য মঞ্চ মঞ্চ নাটক মহিলা সমিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…