চাঁদের দূরবর্তী অংশ প্রদক্ষিণ করে মহাকাশ বিজ্ঞানে ইতিহাস গড়েছেন নাসার আর্টেমিস-টু মিশনের নভোচারীরা। অভিযানের পরিকল্পনা অনুযায়ী, খুব ঝুঁকিপূর্ণ হলেও এ সময় অন্তত ৪০ মিনিট পৃথিবী থেকে যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন তারা।চাঁদ প্রদক্ষিণের পর সূর্যগ্রহণও প্রত্যক্ষ করেছেন মহাকাশ অভিযাত্রীরা। নাসা জানিয়েছে, পৃথিবী থেকে আগে কখনো দেখা যায়নি চাঁদের এমন দুর্লভ অংশ দেখার পাশাপাশি পৃথিবীর চমৎকার কিছু দৃশ্য ধারণ করছেন নভোচারীরা। এ অভিযানের কিউরেশন লিড জুলিয়ান গ্রস মিশনের গুরুত্ব তুলে ধরে বলেন, এবার নভোচারীরা চাঁদকে খুব কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন। উচ্চ প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে নভোচারীরা চাঁদের মালভূমি ও সুবিশাল সমভূমিসহ গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলছেন।






