আগামী ৪ ডিসেম্বর নতুন জীবন শুরু করতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। ইতোমধ্যেই বাগদান সেরেছেন এই তারকা জুটি।
যদিও এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরেই কটাক্ষ ধেয়ে এসেছিল নাগার দিকে। বিশেষ করে প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
২০১৭ সালে বিয়ে সারেন সামান্থা ও নাগা চৈতন্য। সামান্থার অভিব্যক্তি ও বক্তব্যে বার বার নাগার প্রতি তার প্রেম প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। শোভিতা ধুলিপালার জন্যই নাকি তাদের দাম্পত্যে চিড় ধরেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য জানালেন, “তার জীবনে শূন্যতা ভরাট করেছেন শোভিতা”।
বিয়ের ঠিক আগেই হবু স্ত্রী সম্পর্কে এই মন্তব্য করেছেন নাগা। জীবনের নতুন অধ্যায় নিয়ে তিনি বলেছেন, “শোভিতার সঙ্গে নতুন জীবন শুরু করার অপেক্ষায় রয়েছি। ওর সঙ্গে জীবনটা উদযাপন করতে চাই। ওর সঙ্গে আমি নিজেকে খুব ভাল ভাবে মেলাতে পারি। ও আমাকে খুব ভাল বোঝে। আমার মধ্যে সব শূন্যতা পূরণ করে দিতে পারে। আমি জানি, খুব সুন্দর হবে এই নতুন অধ্যায়।”
এদিকে শনিবার (২৩ নভেম্বর) নাগার জন্মদিন। বিশেষ এই দিনকে উদযাপন করতে হবু স্ত্রীকে নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন গোয়ায়। যোগ দিয়েছেন চলচ্চিত্র উৎসবেও। রয়েছেন পরিবারের ঘনিষ্ঠরা।
জানা গেছে, দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিও। হায়দরাবাদের বানজারা হিলসে ২২ একর জুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিওতে নাগা-শোভিতার বিবাহের আসর বসতে পারে। তবে পুরোটাই হবে শোভিতাদের পরিবারের নিয়ম অনুসারে। বিয়ের আচার অনুষ্ঠান হবে তেলুগু নিয়মে।- দ্য প্রেস জার্নাল








