এমপি আনার হত্যার তদন্তে গোয়েন্দাদের গোপন তথ্য আগেই জানতেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামী ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ গ্যাস বাবু। গোয়েন্দা পুলিশ তাকে আটক করতে আসবে এ খবর আগেই জেনে গিয়েছিলেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার (ডিবি) হারুন অর রশীদ জানান, ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারের পর রিমান্ডের সময় গ্যাস বাবু জানিয়েছেন, ডিবি কর্মকর্তারা তাকে আটকের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা জেনে গিয়েছিলেন তিনি। কে বা কারা তাকে এই তথ্য জানিয়েছিলো তাদের নাম পরিচয়ও গোয়েন্দাদের জানিয়েছেন।
তবে কাদের মাধ্যমে এবং কিভাবে গোয়েন্দাদের গোপন তথ্য গ্যাস বাবু আগাম জেনে গিয়েছিলেন তা জানাতে চাননি ডিবি প্রধান। তথ্য জানার কারণেই তার ব্যবহৃত তিনটি মোবাইল টেলিফোনের অস্তিত্ব আড়াল করতে থানায় হারানো জিডি করেন।







