টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রাতের আধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ম্যুরাল ভেঙ্গে দেয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পৌর উদ্যোনে স্থাপিত এসব মুর্যালগুলো ভেঙ্গে দেয়া হয়।
স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যোনে মুক্তমঞ্চের পাশে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের দুই পাশ ভেঙে ফেলে আন্দোলনকারীরা।
এসময় পাশে থাকা জাতীয় ৪ নেতার ম্যুরালও ক্ষতিগ্রস্থ করা হয়। পরে সোমবার রাতের আধারে ভেকু দিয়ে তা পুরোপুরি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর ম্যুরাল ছাড়াও এখানে জাতীয় ৪ নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল। হঠাৎ করেই একটি ভেকু পৌরে উদ্যানের ভিতরে প্রবেশ করে। পরে মুক্ত মঞ্চের পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে গুড়িয়ে দেয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌর উদ্যানে স্থাপিত ম্যুরাল ভাঙ্গার বিষয়টি এখনও জানিনা। স্থানটিও পরিদর্শন করা হয়নি।
এবিষয়ে জেলা প্রশাসক শরীফা হকের বক্তব্য জানতে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।







