বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঘোষিত হয় ২০২৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। আর এই তালিকায় ‘রক্তজবা’ সিনেমাটির জন্য ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ হিসেবে নিজের নাম দেখে বিব্রত নির্মাতা নিয়ামুল মুক্তা।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘রক্তজবা’ সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েও তিনি কেন বিব্রত?
বিষয়টি খোলাসা করে এই তরুণ নির্মাতা বলেন, আমার সিনেমা ‘রক্তজবা’র চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান, অথচ তার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নাম এসেছে আমার! যেটা কোনোভাবেই আমার অর্জন নয়, সেটা কী করে আমার নাম এলো, বুঝতে পারছি না। এটি আমি প্রত্যাখ্যান করছি।’
সেই সাথে মুক্তা বলেন,“আমি চাই যাঁর অবদান, তাকেই যেন সেই স্বীকৃতি দেয়া হয়।”
এবছর আজীবন সম্মাননাসহ (মরণোত্তর) মোট ২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩০টি। এরমধ্যে ৮টি বিভাগে মোট ৯টি পুরস্কার জিতে নিয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। পরের অবস্থানেই আছে ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটি ৫টি বিভাগে পুরস্কার অর্জন করেন।
‘প্রিয়তমা’র পরের স্থানেই আছে খন্দকার সুমনের ‘সাঁতাও’। শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ শব্দগ্রাহকের পুরস্কার অর্জন করে সিনেমাটি। ওরা সাত জন, আম কাঁঠালের ছুটি এবং অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমা তিনটিই দুটি করে পুরস্কার অর্জন করে। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘রক্তজবা’র জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার ‘লাল শাড়ি’ সিনেমাকে দেয়া হয় শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরস্কার।








