বিনোদন

জুয়েলের প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

চ্যানেল আই ভবনে শোক বই ও স্মৃতিচিহ্নের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ভবনে শোক বই ও স্মৃতিচিহ্নের ছবি, যেখানে শোক প্রকাশের জন্য বই রাখা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের গুণী সংগীতশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। তার মৃত্যুতে শুধু সংগীত জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। গুণী এই মানুষটির স্মরণে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই।

শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই চ্যানেল আই কার্যালয়ে রাখা হয়েছে ছবিসহ তার নামে একটি শোক বই।

যেখানে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখ থেকে সাধারণ ভক্ত অনুরাগীরাও। মঙ্গলবার দুপুর থেকেই শোক বইয়ে বহু গুণীজনকে দেখা গেছে জুয়েলকে নিয়ে স্মৃতিচারণ করতে।

এরইমধ্যে বাদ আসর জুয়েলের জানাজা সম্পন্ন হয়েছে গুলশানের আজাদ মসজিদে। পরে সন্ধ্যার পর বনানী কবরস্থানে হবে দাফন।

দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন জুয়েল। গত ২৩ জুলাই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হলে নেয়া হয় লাইফসাপোর্টে। শেষ দুদিন অবস্থার উন্নতির কথাই জানাচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু মঙ্গলবার দুপুরে এলো দুঃসংবাদ।

নব্বই দশকে ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যাংকার বাবার চাকরির কারণে ছোটবেলায় তাকে থাকতে হয়েছিল দেশের বিভিন্ন জায়গায়। বাবা মায়ের অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন জুয়েল। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছে গান শিখেছিলেন আর মঞ্চে প্রথম গান করেছিলেন তখন তিনি পড়েন চতুর্থ শ্রেণিতে।

১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। এটি প্রকাশের পর তার নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।

বিষয়:গান জুয়েল শোক বই সংগীত হাসান আবিদুর রেজা জুয়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…