প্লে-অফে খেলার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে সমীকরণ ছিল ১৮ রান কিংবা ১১ বল হাতে রেখে ম্যাচ জেতা। আর চেন্নাইয়ের চ্যালেঞ্জ ছিল তা এড়ানো। মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলির মুখোমুখি লড়াইয়ে শেষ হাসিটা হাসে বেঙ্গালুরু। চেন্নাইকে ২৭ রানে হারিয়ে রানরেটে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গী হয় তারা। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে দলের চোটজনিত সমস্যার কথাই জানালেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় চেন্নাই। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২১৮ রানের সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। জবাবে ৭ উইকেটে ১৯১ রানে থামে চেন্নাই।
এবারের আইপিএলের শুরু থেকেই চোট সমস্যায় ভুগেছে চেন্নাই। ডেভন কনওয়ে চোটের কারণে খেলতে পারেননি। শুরু থেকে খেলা হয়নি লঙ্কান পেসার মাথিশা পাথিরানার। মোস্তাফিজ বেশ ভালো করতে থাকলেও আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হয়েছে। পরে চোটের কারণে দেশে ফিরে যান পাথিরানাও।
ম্যাচ শেষে গায়কোয়াড বলেছেন, ‘এটি ভালো উইকেট ছিল। উইকেটে স্পিনাররা কিছুটা টার্ন ও গ্রিপ পাচ্ছিল। লক্ষ্য যা ছিল তা নিয়ে অবশ্য কিছু বলার নেই। তবে চলতি আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে ৭ টিতে জয় নিয়ে খুশি। সত্যি বলতে দলে চোটজনিত সমস্যা থাকলে ভারসাম্য ধরে রাখা কঠিন। চোট এবং কনওয়ের না থাকা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। পাথিরানা চোটে ছিল, আমরা মোস্তাফিজকেও মিস করেছি। আমার কাছে ব্যক্তিগত মাইলফলক একদমই গুরুত্ব বহন করে না। দিনশেষে জেতাটাই আসল পুরস্কার।’








