অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন করে যারা উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে জনপ্রিয় এই নির্মাতার নাম রয়েছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে।
ফারুকী ছাড়া অন্য তিনজনের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন ও ড. সাইদুর রহমান।
সরকার পতনের পরেও আওয়ামী লীগ নানাভাবে তাকে নিয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে উল্লেখ করে কিছুদিন আগে ফারুকী তার স্ট্যাটাসে মজা করে লিখেছিলেন, “আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি! আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ‘ফ্যাসিবাদের পুচ্ছে আগুন’ কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি।”
সেই স্ট্যাটাসটি মজা করে দিলেও শেষ পর্যন্ত কাকতালীয়ভাবে তিনিই হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।
এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এরপর গত ১৬ আগস্ট শপথ নেন আরও চারজন উপদেষ্টা। সবমিলিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারে বর্তমানে ২১ জন উপদেষ্টা রয়েছেন।
ফারুকী একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা। নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেছেন ‘ছবিয়াল’ নামে একটি সংগঠন। ভিন্ন ধারার সিনেমার সঙ্গে দেশের মানুষকে অভ্যস্ত করে তুলেছেন। দেশের গণ্ডি পেরিয়ে নিজের চিহ্ন রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও।








