টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোচিং প্যানেলে বড় রদবদল এনেছে ভারত। রাহুল দ্রাবিড়ের মেয়াদ পূর্ণ হওয়ার পর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম গম্ভীর। বোলিং কোচ পারস মামব্রের জায়গায় এবার সাউথ আফ্রিকার কিংবদন্তি সাবেক পেসার মরনে মরকেলে আনল দেশটি।
বুধবার মরকেলের নিয়োগের বিষয়টি জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। গম্ভীরের নেতৃত্বে মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহদের কোচিং করাবেন সাউথ আফ্রিকার সাবেক পেসার।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারত দলের সঙ্গে কাজ শুরু করবেন মরকেল। বাংলাদেশ সিরিজ দিয়ে কোচিং ক্যারিয়ারে ভারত অধ্যায় শুরু হবে তার। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে গড়াবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুদল। ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ-ভারত।
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন মরকেল। ১২ বছরের ক্যারিয়ারে সাউথ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টুয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৫৪৪ উইকেট নেন।
২০২২ সালে সবধরনের ক্রিকেট থেকে বিদায় নেন মরকেল। সেবছর টি-টুয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ ও ২০২৩ দুই মৌসুমে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও সাউথ আফ্রিকার টি-টুয়েন্টি লিগ ‘এসএ২০’তে ডারবার সুপার জায়ান্টসে পরামর্শক হিসেবে কাজ করেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর গত ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষের আগেই ছাড়তে হয় তাকে।







