স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করা হয়েছে তা কাম্য নয়।
আজ ২৩ জুন সোমবার গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশ হয়েছে তা ঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তিনি আটক হয়েছেন।
তিনি আরও বলেন, কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে।
হর্টিকালচার সেন্টার পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের এনামুল হক ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।








