নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে তৃতীয়টিতে জিতেছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৪২-৩৭ পয়েন্ট ব্যবধানে। এ জয়ে সিরিজে ২-১এ এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দিপায়ন গোলদার।
বাংলাদেশ প্রথমে আক্রমণে আসলেও পয়েন্ট আদায় করে নেয় নেপাল। সফরকারীরা দুই পয়েন্ট আদায় করে নেয়ার পর বাংলাদেশের প্রথম পয়েন্ট আসে। প্রথম ১০ মিনিটের মধ্যে অধিনায়ক মিজানুর রহমান তিনবার আউট হন।
প্রথম ১০ মিনিটে বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট ছিল। এসময় বাংলাদেশ প্রতিপক্ষকে লোনা দিতে দিতেও দুর্দান্তভাবে কামব্যাক করে। বাংলাদেশের রেইডার দিপায়ন গোলদার একসাথে তিন পয়েন্ট আদায় করে নেন। প্রথমার্ধে বাংলাদেশ ২০-১৭ পয়েন্টে এগিয়ে থাকলেও খেলায় এগিয়ে ছিল নেপাল।
বিরতি থেকে ফিরে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। এসময় বাংলাদেশের রেইডার দিপায়ন আবারও দুর্দান্তভাবে রেইড দিয়ে ফিরে আসেন, আদায় করে নেন তিন পয়েন্ট। এরপর ম্যাচের প্রথম লোনা আদায় করে নেয় নেপাল, পয়েন্ট দাঁড়ায় ২৮-২৬। লোনার পর এগিয়ে থাকা বাংলাদেশ পিছিয়ে পড়ে।
পিছিয়ে পড়ে আবারও ম্যাচে ফেরার চেষ্টায় সফল বাংলাদেশ। রেইডারদের দক্ষতায় কয়েক পয়েন্ট এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পাঁচ মিনিটে এগিয়ে ছিল বাংলাদেশ, এখানে এক লোনা নিয়ে এগিয়ে যায় মিজানের দল। ৪২-৩৭ পয়েন্টে ম্যাচ বের করে আনে নেপালের থেকে।
প্রথম ম্যাচে ৫৩-২৯ পয়েন্টে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৪৫-৪২ ব্যবধানে জিতে সমতা ফিরিয়েছিল নেপাল। বুধবার বিকেল সাড়ে তিনটায় সিরিজের চতুর্থ ম্যাচ হবে একই মাঠে।







