নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন: এই সেই মির্জা ফখরুল যার বাবা একজন কুখ্যাত রাজাকার ছিল। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আনন্দ উল্লাসে মেতে উঠেছিল তার পরিবার।
আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরল উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্স রুমে আশ্রয়ন প্রকল্প-২ টাস্কফোর্স কমিটির আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যায় তখন মির্জা ফখরুলদের গাত্রদাহ শুরু হয়। এদের দায়িত্বই হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হয়েছে। বিশ্ব ব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। আগামীতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে তাদের মুখে গণতন্ত্রের মুখে কথা শোভা পায় না।
বিরল উপজেলার নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওয়াজেদ আলী প্রমুখ।








