নির্বাচনে বিশাল জয়ের পর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসভবনে জড়ো হওয়া দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের এই ফলাফলকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অভিহিত করেন।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা নির্বাচনের অনেক আগেই বলেছিলাম, সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে। গত ১৫ বছর ধরে আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ের বিজয় আজ দৃশ্যমান।”
তিনি আরও যোগ করেন, বিএনপির ঘোষিত ৩১ দফার প্রতি সাধারণ মানুষের পূর্ণ সমর্থন ছিল এবং ভোটের ফলাফলে সেটিই প্রমাণিত হয়েছে।
মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, “বিএনপি কোনো ক্যাডারভিত্তিক সংগঠন নয়; এটি জনগণের পার্টি। এ দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একে রাজনৈতিক বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করেন।
ফখরুল বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে যখন গণতন্ত্রকে চেপে রাখা হয় এবং মানুষের কণ্ঠরোধ করা হয়, তখন উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। এটি একটি পলিটিক্যাল সায়েন্স বা রাজনৈতিক বিজ্ঞান। ফ্যাসিবাদের পর এমন পরিস্থিতি তৈরি হওয়া স্বাভাবিক।”
বিজয়ের পরদিন নেতার সাথে দেখা করতে আসা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মির্জা ফখরুল সকলকে শান্ত থেকে বিজয় উদযাপনের আহ্বান জানান এবং জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।








