সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা এখন বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা বলেছেন, দুর্নীতিতে সরকারের কোন বিভাগই কাজ করে না।
বুধবার ৮ মার্চ নারী দিবসে রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল। শোভযাত্রার আগে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও অভিযোগ করেন, এই সরকারের সময়ই নারীরা বেশি নির্যাতিত। তবে সবচেয়ে বেশি অভিযোগ করেন পর পর কয়েকটি বিস্ফোরণের ঘটনা নিয়ে।
মির্জা ফখরুল বলেন, যে ভবনে বিস্ফোরণ হচ্ছে সেই ভবনে নির্মাণকাজ, রক্ষণাবেক্ষণ তা দেখাশোনা করা হয় না। গ্যাস জমে থেকে সায়েন্সল্যাবে বিস্ফোরণের তিনজন লোক মারা গেলেন।
তিনি বলেন, গতকাল ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ফলে ১৭ জন মানুষ মারা গিয়েছেন। যাদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। এর আগে চট্টগ্রামে বিস্ফোরণ হলো সেখানে সাতজন লোক মারা গেলেন। কেন হচ্ছে এসব? সরকারের যে সংস্থাগুলো রয়েছে এগুলো দেখার। নজরদারিতে রাখার কথা, তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির সঙ্গে জড়িত। যার কারণে এই ভবনগুলোতে কোনো নিরাপত্তা নেই, বিস্ফোরণ প্রতিরোধ করার, আগুন প্রতিরোধ করার কোনো ব্যবস্থা না থাকার কারণে আজকে এভাবে মানুষ প্রাণ হারাচ্ছে।










