২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে জয়ী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার সুযোগ ছিল। এর মধ্যে ৩৪৩টি ভোট পড়েছে। মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা করা হয় এবং সেখানেই ফল ঘোষণা করেন সিইসি।
ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। এরপর অন্যান্য সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট দ্রুত প্রকাশ করা হবে।










