২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচের নভেম্বর পর্বের জন্য দল দিয়ে রেখেছে ব্রাজিল। সপ্তাহ পার না হতে সে দল থেকে ছিটকে গেছেন দুই তারকা রদ্রিগো এবং এডের মিলিতাও। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় চোট পেয়েছেন তারা। বদলি হিসেবে বাছাইয়ে দুম্যাচে দলে ডাক পেলেন গাব্রিয়েল মার্টিনেল্লি ও লিও অর্টিজ।
এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটের কারণে গতবছরের অক্টোবর থেকে মাঠের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ একবছর পর আল হিলালের হয়ে ফিরে আবারও চোটে পড়েছেন ৩২ বর্ষী ফরোয়ার্ড। নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচেও রাখা হয়নি তাকে। একই চোটে পড়েছেন মিলিতাও।
গত মৌসুমে এসিএল চোটে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা মিলিতাও। এবারও লম্বা সময়ের চোটে পড়লেন ব্রাজিলীয় ডিফেন্ডার। ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচে মিনিট বিশেকের মধ্যে আবারও এসিএল চোট নিয়ে মাঠ ছাড়েন ২৬ বর্ষী তারকা।
পরীক্ষা-নিরীক্ষার পর ক্লাবটি জানিয়েছে, মিলিতাওয়ের এসিএল ছিঁড়ে গেছে। গতবছর বাঁ-পায়ে এই চোট লাগলেও এবার লেগেছে ডান পায়ে। কয়েকদিনের মধ্যে করানো হবে অস্ত্রোপচার। ৯ মাসের মতো লাগবে সেরে উঠতে।
চোটে পড়ায় মিলিতাওয়ের পরিবর্তে ফ্লেমেঙ্গোর ডিফেন্ডার লিও অর্টিজ ও রদ্রিগোর বিকল্প হিসেবে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে ডেকেছেন কোচ ডোরিভাল জুনিয়র।
বিশ্বকাপ বাছাইয়ের পরিবর্তিত ব্রাজিল দল
গোলরক্ষক: বেন্টো, এডেরসন ও ওয়েভারটন।
ডিফেন্ডার: দানিলো, ভ্যান্ডারসন, আবনার, গুইলহার্মে আরানা, লিও অর্টিজ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মারকুইনহোস ও মুরিলো।
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, গেরসন ও লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, ইগর জেসাস, লুইজ হেনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা।







