যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে এসে একমাসের মধ্যেই দলটির চেহারা পাল্টে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বজয়ীর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ইতিহাসে প্রথমবার কোনো শিরোপা জিতেছে লিগে তলানিতে থাকা দলটি। তবে দুঃসময়ে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করা ডিঅ্যান্ড্রে ইয়েডলিনের কথা ভুলে যাননি মেসি। শিরোপা বুঝে নেয়ার আগে সাবেক অধিনায়ককে আর্মব্যান্ড পরিয়ে দিয়েছেন নিজের বাহু থেকে খুলে, সঙ্গে নিয়ে পুরস্কারের মঞ্চ থেকে হাতে তুলেছেন শিরোপা।
লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে রোববার সকালে মুখোমুখি হয়েছিল মিয়ামি। ম্যাচে ১-১ সমতায় থেকে পূর্ণ সময়ের খেলা শেষ হলে গড়ায় টাইব্রেকে। সেখানে দুদল মিলে নেয় ২২ শট। শেষপর্যন্ত ১০-৯ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর মিয়ামি।
মিয়ামিতে মেসি যোগ দেয়ার আগে দলটির অধিনায়কের দায়িত্বে ছিলেন ৩০ বর্ষী ইয়েডলিন। মিয়ামির জার্সিতে ২০টিরও বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আমেরিকান রাইট-ব্যাক। তার কাছ থেকে নেতৃত্বের ভার দেয়া হয়েছিল মেসির কাঁধে।
২০১৮ সালে প্রতিষ্ঠার পর মিয়ামির ট্রফি জয়ের সম্ভাবনা যেখানে ৪১ শতাংশের উপরে ওঠেনি, সেখানে পাঁচ বছরের মাথায় মেসির হাত ধরে শিরোপা জিতল ক্লাবটি। মেসি যোগ দেয়ার আগে ১০ ম্যাচে এক জয় পাওয়া মিয়ামি লিগস কাপ প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে জয় পেয়েছে।
ম্যাচ শেষে শিরোপা ছোঁয়ার আগে নিজের আর্মব্যান্ড খুলে মেসি পরিয়ে দেন সাবেক অধিনায়কের বাহুতে। দলটির সাবেক অধিনায়ককে সম্মান জানাতেই মূলত অধিনায়কের ব্যান্ড পরিয়ে দেন মেসি। এমনকি শিরোপা গ্রহণের জন্যও ইয়েডলিনকে সঙ্গে করে নিয়ে যান ৩৬ বর্ষী মেসি। একসঙ্গেই গ্রহণ করেন মিয়ামির ইতিহাসের প্রথম শিরোপাটি।
দারুণ এ জয়ে মেসির অবদানই ছিল সবচেয়ে বেশি। সাত ম্যাচের প্রতিটিতে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে লিগস কাপে মোট গোল করেছেন ১০টি, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন আরও একটি। দারুণ এই পারফরম্যান্সে ফাইনালসেরা ও টপ স্কোরারের পুরস্কারও পেয়েছেন বিশ্বজয়ী মহাতারকা। ম্যাচ শেষে ইয়েডলিনকে জানানো তার সম্মান সব ছাপিয়ে আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।







