পুরান ঢাকার বাসিন্দাদের জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের আওতায় আনার পরিকল্পনা ছিল শুরু থেকেই। সেই লক্ষ্যে মেট্রোরেলের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-২ এর নকশা করা হয়েছিল। পুরান ঢাকাকে আরো প্রাধান্য দিয়ে মেট্রোরেলের লাইনগুলো পুনর্বিন্যাসের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার।
এমআরটি লাইন-২ গাবতলী থেকে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্সল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী, ঢাকা মেডিকেল কলেজ, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, মান্ডা, দক্ষিণগাঁও, দামড়িপাড়া, সাইনবোর্ড, ভূইঘর, জালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে। এ লাইনে গুলিস্তান থেকে একটি ব্রাঞ্চ লাইন যাবে সদরঘাটে। যে লাইন যুক্ত করবে গোলাপ শাহ মাজার ও নয়াবাজার এলাকাকে। এতে করে পুরান ঢাকার সঙ্গে গাবতলী, উত্তরা ও নারায়ণগঞ্জের যোগাযোগ হবে দ্রুতগামী, নিরাপদ, শীতাতপ নিয়ন্ত্রিত ও সময়সাশ্রয়ী হবে।
এমআরটি লাইন-২ রুটকে আর্থিক বিবেচনায় বিকল্প হিসেবে ভাবছে বর্তমান অন্তর্র্বতী সরকার। সেই ভাবনা থেকে পরিকল্পনা কমিশন রুট পুনর্বিন্যাসের প্রস্তাব করেছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এমআরটি লাইন-৫ (সাউদার্ন) রুটের এসব বিকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে পরিকল্পনা উপদেষ্টার নির্দেশে। পরিকল্পনা কমিশনের যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সংস্লিষ্টরা জানান, এমআরটি লাইন-৫ (সাউদার্ন) এর রুট রাজধানীর গাবতলী থেকে শ্যামলী, আসাদগেট, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, হাতিরঝিল হয়ে দাশেরকান্দি পর্যন্ত নকশা করা রয়েছে। এছাড়া এমআরটি লাইন-২ এর রুট গাবতলী, মোহাম্মদপুর, জিগাতলা, সাইন্সল্যাব, নিউ মার্কেট, পলাশী, গুলিস্তান, কমলাপুর হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নকশা করা আছে। এ নকশায় পুরান ঢাকাকে যুক্ত করতে শুধু একটি ব্রাঞ্চ লাইন (শাখা লাইন) গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাখা হয়েছে। যাত্রী চাহিদার ভিত্তিতেই এটা করা হচ্ছে। পরিকল্পনা কমিশনের প্রস্তাবনা অনুযায়ী, এমআরটি লাইন-৫ (সাউদার্ন) প্রকল্পটি পুরোপুরি বাতিল করা বা এ প্রকল্পের আংশিক বাস্তবায়ন করা হতে পারে। এ ছাড়া এমআরটি লাইন-২ পুরোপুরি নির্মাণের পাশাপাশি এর সঙ্গে এমআরটি লাইন-৬ কে দ্বিতীয়বার যুক্ত করতে নতুন আরেকটি ব্রাঞ্চ লাইন তৈরি করা যেতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি বিকল্প প্রস্তাবে এমআরটি লাইন-৫ (সাউদার্ন) এর অধীন গাবতলী থেকে কারওয়ান বাজার অংশ বাদ দেওয়া এবং এমআরটি লাইন-২ এর একটি ব্রাঞ্চ লাইন বিজয় সরণীতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অন্য একটি প্রস্তাবে এমআরটি লাইন-৫ (সাউদার্ন) শুধু কারওয়ান বাজার থেকে দশেরকান্দি পর্যন্ত নির্মাণের কথা বলা হয়েছে। আরও একটি বিকল্প প্রস্তাবে পুরো এমআরটি লাইন-৫ (সাউদার্ন) এর রুট প্রকল্পই আপাতত বাদ দেওয়ার কথা বলা হয়েছে। পরে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে প্রকল্পটি পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।








