ফুটবল থেকে এখনও অবসর নেননি স্পেনের হুয়ান মাতা। এরমধ্যেই নতুন এক অধ্যায় শুরু করেছেন তারকা মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল সান ডিয়েগো এফসির মালিকানার কিছু অংশ কিনে নিয়েছেন ৩৬ বর্ষী স্পেনিয়ার্ড।
কিংবদন্তি লিওনেল মেসি মেজর লিগ সকারে যোগ দেয়ার পর থেকে বেশ আলোচনায় যুক্তরাষ্ট্রের লিগটি। মেসিদের ইন্টার মিয়ামি আছে লিগের ইস্টার্ন কনফারেন্সে। এই ক্লাবের অংশীদারিত্বে আছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম।
মাতার কেনা আংশিক মালিকানাধীন দলটি আগামী মৌসুম থেকে খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। টুর্নামেন্টের দুই কনফারেন্সের শীর্ষ ৯টি করে দল নিয়ে আয়োজিত হয় প্লে-অফ সিরিজ। সেখান থেকে নির্ধারিত হয় লিগের শিরোপা।
সান ডিয়েগোর অংশীদার হয়ে মাতা বলেছেন, ‘সান ডিয়েগো এফসিতে অংশীদার হিসেবে যুক্ত হতে পারাটা দারুণ সুযোগ, সত্যিকার অর্থেই আমার জন্য এটি আবেগের। বর্তমানে এই লিগ অবিশ্বাস্যভাবে এগিয়ে যাচ্ছে।’
২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী মাতা খেলেছেন ভ্যালেন্সিয়া, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে খেলছেন।







