লিওনেল মেসির জাদুতে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে ইন্টার মিয়ামি। গোল করা বা অ্যাসিস্টে, একের পর এক জয় এনে দিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে মিয়ামি প্রথমবার মেজর লিগ সকারের প্লে-অফের ফাইনালে উঠে ইতিহাস গড়েছে।
এমএলএস কাপ প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সোমবার ভোরে এফসি সিনসিনাটিকে ৪-০তে হারিয়েছে মিয়ামি। ম্যাচের সবকটি গোল-অ্যাসিস্ট এসেছে তিন আর্জেন্টাইনের সৌজন্যে। মেসি নিজে একটি গোলের সঙ্গে হ্যাটট্রিক অ্যাসিস্ট করে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন। জোড়া গোল করেছেন তাদিও আলেন্দে এবং বাকি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মাতেও সিলভেত্তি।
ম্যাচের শুরুতে বল দখলে পিছিয়ে থাকলেও দারুণভাবে সুযোগ কাজে লাগিয়েছে মিয়ামি। ১৯ মিনিটে সিলভেত্তির ক্রস থেকে বল জালে জড়িয়ে লিড এনে দেন কিংবদন্তি মেসি। এই গোলে চলতি মৌসুমে এমএলএসে ৩৫ গোল হল ৩৯ বর্ষী মাহাতারকার। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় কোচ হাভিয়ের মাশ্চেরানোর দল।
দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিয়ামি। ৫৭ মিনিটে মেসির নিখুঁত অ্যাসিস্টে ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন সিলভেত্তি। ৬২ মিনিটে মেসির বুদ্ধিদীপ্ত থ্রু-পাস ধরে দলের তৃতীয় গোলটি করেন আলেন্দে। ৭৪ মিনিটে আবারও মেসির জাদুকরী পাস থেকে কয়েক ডিফেন্ডারকে পরাস্ত করে ডান দিকের পোস্টে জোরাল শটে লক্ষ্যভেদ করে জোড়া গোল পূর্ণ করেন ২৬ বর্ষী আলেন্দে।
জয়ের ম্যাচে মেসি স্পর্শ করেছেন ইতিহাসের এক অনন্য মাইলফলক। নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা ৪০৪এ নিয়ে গেছেন তিনি। তাতে সর্বোচ্চ অ্যাসিস্টধারী খেলোয়াড় হিসেবে কিংবদন্তি পুসকাসের সঙ্গে যৌথভাবে একনম্বরে অবস্থান করছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী।








