যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় গড়াবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মত ৪৮ দলের অংশগ্রহণে গড়াতে চলা আসর সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের ড্র। তার আগে ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি জানালেন, আসন্ন বিশ্বকাপে যেসব দেশকে এগিয়ে রাখছেন তিনি।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। জানালেন, আসন্ন আসরে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল এবং জার্মানিকে এগিয়ে রাখছেন তিনি।
ব্যাখ্যায় মহাতারকা বলেছেন, ‘স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, জার্মানির মতো খুব ভালো জাতীয় দল আছে, তারা চ্যাম্পিয়ন হতে চায়। আশা করি, আমি সেখানে থাকতে পারব, আমি সেখানে থাকতে চাই। যদি না হয়, আমি এটি সরাসরি দেখব, তবে এটি বিশেষ হবে।’
মেসি অবশ্য মনে করছেন শিরোপা ধরে রাখতে প্রস্তুত আর্জেন্টিনা। বলেছেন, ‘সত্যি কথা হলো আমাদের অসাধারণ খেলোয়াড় আছে, কয়েকবছর ধরে এটা দেখা যাচ্ছে। বিশেষ করে স্কালোনি দায়িত্ব নেয়ার পর থেকে আকাঙ্ক্ষা এবং রোমাঞ্চ বেড়েছে।’
‘আর্জেন্টিনা এমন একটি দল যেখানে বিজয়ীরা আছে। যাদের দৃঢ় মানসিকতা আছে, তারাও আরও জিততে চায় এবং এটি সংক্রামক। আপনি এটি প্রশিক্ষণে, ম্যাচে দেখতে পাবেন। আপনি তাদের প্রশিক্ষণ দিতে দেখেন এবং তারা সবকিছু দেয়।’
কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা। আর্জেন্টাইন মহাতারকার মতে, টুর্নামেন্টে ভাগ্যকেও পাশে পেয়েছিলেন তারা।
আসরে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হার দেখেছিল মেসির আর্জেন্টিনা। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছায়। সেখানে নেদারল্যান্ডসের বিপেক্ষে টাইব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্তে সেমিফাইনালের টিকিট কাটে। এরপর ফাইনালেও টাইব্রেকারে শিরোপা নির্ধারণ হয়। সেই স্মৃতি স্মরণ করে মেসি জানালেন, বিশ্বকাপ জেতা মোটেও সহজ কিছু নয়।
‘বিশ্বকাপ জেতা খুবই কঠিন। যে কোনো দল আপনার জন্য কঠিন হতে পারে এবং বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে। বল হয়তো পোস্টে লেগে বাইরে চলে যেতে পারে অথবা ভেতরে ঢুকতে পারে। অথবা আপনি পেনাল্টিতেও হেরে যেতে পারেন।’
‘গত বিশ্বকাপে ভাগ্য আমাদের পাশে ছিল। যদিও নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে আমরাই ভালো খেলেছিলাম, তবু ম্যাচ পেনাল্টিতে চলে যায়। পেনাল্টিতে গিয়ে আমাদের কাছে (এমিলিয়ানো) দিবু মার্টিনেজ ছিল, ও আমাদের জিতিয়েছে। তবে এমনও হতে পারে যে পেনাল্টিতে আপনি ঠিকঠাক করতে পারলেন না এবং হেরে গেলেন। তো বিশ্বকাপ জেতা খুবই কঠিন।’








