এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবার থেকে এগিয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং নরওয়ের তারকা আর্লিং হালান্ড। আগামী মাসে জানা যাবে কার হাতে উঠবে পুরস্কার। কে এগিয়ে? এমন প্রশ্নে মেসিকে এগিয়ে রাখছেন ইংলিশ তারকা ড্যারেন বেন্ট।
সংবাদ মাধ্যমে ইংলিশদের সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘মেসি এ বিশ্বের সেরা খেলোয়াড়। তার পূর্বে আসা অনেক খেলোয়াড়দের নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু আমার দেখা সেরা খেলোয়াড় মেসি।’
প্রশ্ন তোলা হয় যে, ব্যালন ডি’অরে একজন খেলোয়াড়ের বিগত ১২ মাসে ইউরোপের পারফরম্যান্স বিবেচনা করা হয়। সেই হিসেবে এবারের ব্যালন ডি’অর হালান্ডের পাওয়া উচিত। বেন্ট সেখানে জোর দিয়ে বলেছেন, মেসির বিশ্বকাপ পারফরম্যান্সের জন্য এবারের পুরস্কার তার হাতেই ওঠা দরকার।
অ্যাস্টন ভিলার সাবেক স্ট্রাইকারের মতে, ‘বিগত ১২ মাসে তার পারফরম্যান্স হয়তো ভালো ছিল না, কিন্তু বিশ্বকাপে তিনি দলকে ফাইনালে নিয়ে গেছে। ফাইনালে দুটি গোলও করেছেন। যে মুহূর্তে তিনি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, তারপর থেকে ব্যালন ডি’অর জিততে চলেছেন।’
যদিও গত মৌসুমে অসাধারণ সময় কাটিয়েছেন হালান্ড। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল করেছেন, চ্যাম্পিয়ন্স লিগের সাথে ট্রেবলও জিতেছেন।








