আরেকটি মাইলফলক ছুঁলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারে ৯০০তম গোলের মালিক হলে আটবারের ব্যালন ডি’অর জয়ী। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলের বিপক্ষে স্মরণীয় গোলটি করেছেন মহাতারকা। অবশ্য ১-১ গোলে ড্র করে হোম গোলে পিছিয়ে পড়ে আসর থেকে ছিটকে গেছে ইন্টার মিয়ামি।
ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে মিয়ামি। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে নিয়ম অনুযায়ী ম্যাচ ড্র হলে, যে দল অ্যাওয়েতে বেশি গোল দেবে সেই দল পরের রাউন্ডে যাবে।
ম্যাচের সপ্তম মিনিটে মিয়ামিকে লিড এনে দেন মেসি। এ গোলেই ৯০০তম এর মাইলফলক ছুঁয়ে ফেলেন। ৭৪ মিনিটে ক্রিস্টিয়ান এসপিনোজার গোলে সমতায় ফেরে ন্যাশভিল।
মেসি ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তার চেয়ে ৬০ গোল বেশি করে শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদোর। সিআর সেভেনের গোল সংখ্যা ৯৬০টি। মেসি দ্রুততম নয়শোর রেকর্ড গড়েছেন। রোনালদো ১২৩৮ ম্যাচে নয়শো ছুঁয়েছিলেন, মেসির ১১৪২ ম্যাচ লাগল।








