টিভি নাটকে গল্পকে নতুনভাবে উপস্থাপন করে যে কজন নতুন ধারা তৈরি করেছিলেন তাদেরই একজন মেজবাউর রহমান সুমন। অসংখ্য নন্দিত নাটক উপহার দেয়ার পর তিনি প্রথম চলচ্চিত্র বানালেন, নাম ‘হাওয়া’।
চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশের পর চারদিকে হইচই পড়ে যায়। যেখানে অন্যরকম ভাবে দেখা যায় চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিনসহ অন্যদের। রুচিশীল দর্শকদের আগ্রহের কেন্দ্রে বিন্দুতে থাকা ‘হাওয়া’ মুক্তি পেতে যাচ্ছে চলতি জুলাইয়ের ২৯ তারিখ।
সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্পে নির্মিত হাওয়া, এমনটাই জানিয়েছেন মেজবাউর রহমান সুমন।
চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘হাওয়া’ গভীর সমুদ্র ও সেখানে মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে নির্মিত গল্পের চলচ্চিত্র। ৮ জন মাঝি মাল্লার ও একজন বেদেনীকে নিয়েই গল্পটি তৈরি। এটি অনুভূতির গল্প। যে ৯ জন কাজ করেছে তাদের মিথস্ক্রিয়া, চরিত্রের সম্পর্কের ভিতরে একে অন্যের বিভেদের গল্পই হাওয়া। সমুদ্র এখানে উপজীব্য মাত্র। ২৯ জুলাই মুক্তি পাবে হাওয়া।
‘হাওয়া’ মিস্ট্রি ড্রামার গল্প, কালের রূপকথা। সুমন বলেন, ১০-১২ বছর আগে টিভিতে ফিকশন বানাতাম। মাঝে বিজ্ঞাপন বানিয়েছি। টিভি ফিকশনে আমার যে ধারাবিকতা সেভাবেই ‘হাওয়া’ তৈরি করেছি। এটা আরও বড় স্কেল ব্যবহার করেছি। আমি আঞ্চলিকতায় বিশ্বাস করি। হাওয়া একটি আঞ্চলিক চলচ্চিত্র।
নাটক বিজ্ঞাপন বানিয়ে সুপরিচিতি পেয়েছেন সুমন। সে কারণে তার কাছে হাওয়া নিয়ে দর্শকের প্রত্যাশাও অন্যমাত্রায়। সুমন বলেন, যে কোনো মানুষ তার নির্মাণের মধ্য দিয়ে বেঁচে থাকে। আমি নির্মাণের মধ্য দিয়ে আনন্দ খুঁজে পাই। আমি যদি নিজেকে ছাড়িয়ে যাই সেটা আসলে আমার গল্প না। তাই ছাড়িয়ে যাওয়ার কোনো গল্প নেই, নিজের সঙ্গে নিজের নির্মাণের গল্প আছে।








