ওটিটির কল্যাণে সময়ের সেরা নির্মাতাদের একজনে পরিণত হয়েছেন রবিউল আলম রবি। ‘ইতি তোমারই ঢাকা’ দিয়ে যাত্রা শুরু হলেও চরকির জন্য নির্মিত অমনিবাস সিরিজটি ‘ঊনলৌকিক’ দিয়ে আলোচনায় আসেন রবি। এরপর ‘ক্যাফে ডিজায়ার’ দিয়ে দর্শকের আরো দোরগোড়ায় পৌঁছে যান এই নির্মাতা।
এবার চরকির জন্য নিয়ে আসছেন নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। যেখানে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন দেশের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান। সেই সাথে ফিল্মে আরো দেখা যাবে বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো তারকাদের।
ওয়েব ফিল্ম নিয়ে কোনো আভাস না দিলেও এরইমধ্যে থিম পোস্টার প্রকাশ করেছে চরকি। পরে আরো একটি পোস্টার শেয়ার করে জানিয়েছে ফিল্মটির মুক্তির তারিখ। জানা গেছে, আগামি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চরকিতে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘ফরগেট মি নট’।
গল্প সম্পর্কে এখনই কোনো আভাস দেননি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ধারণা দিয়ে শুধু লিখেছে, ‘হঠাৎ করে নাই হয়ে যাওয়া ছেলেটার ভেতর কী চলছিল?’
চরকি’র বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’-এর চতুর্থ ফিল্ম এটি। এই প্রজেক্ট থেকে মোট ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলো চরকি। যে ফিল্মগুলোর তত্ববধায়নে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ইতিমধ্যে এই প্রজেক্ট-এর অধিনে ফারুকী নির্মিত দুটি ওয়েব ফিল্ম ‘অটোবায়োগ্রাফি’ এবং ‘মনোগামী’, এবং অন্যটি শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দর্শক প্রশংসা পেয়েছে।







