পার্বত্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে জরুরি সভা করছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। সভায় উপস্থিত তিন উপদেষ্টা হলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
আজ (২১ সেপ্টেম্বর) শনিবার দুপুরে তারা হেলিকপ্টার করে ঢাকা থেকে রাঙ্গামাটি সার্কিট হাউজ হেলিপ্যাডে এসে পৌঁছান। পরে সেনানিবাসের প্রান্তিক হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠকে বসেন তারা।
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষ-সহিংসতার প্রতিবাদে পাহাড়ি ছাত্র-জনতার ডাকে ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাঙ্গামাটিতে যানবাহনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অতিরিক্ত টহল দল পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।
উল্লেখ, মোটরসাইকেল চুরির অভিযোগে মামুন নামে একজনকে পিটিয়ে হত্যার জেরে বুধবার থেকে খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালায় সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে একদল দুর্বৃত্ত হামলা চালালে পরিস্থিতি সাম্প্রায়িক সহিংসতায় রূপ নেয়। পাহাড়ি-বাঙালির মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে দীঘিনালা লারমা স্কয়ারে অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
যার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতায় খাগড়াছড়ি সদরে দুইজন ও দীঘিনালায় একজন নিহতের ঘটনা ঘটে।










