মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে।
বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন। তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তে ফরেনসিক বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে।
গ্রিন বলেন, এটি একটি অসম্ভব দিন। এটি অবশ্যই হাওয়াইয়ের সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ। আমরা এখন কেবল অপেক্ষা করতে পারি এবং যারা বেঁচে আছে তাদের সমর্থন করতে পারি। আমাদের ফোকাস এখন মানুষকে আবার একত্রিত করে তাদের আবাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
তিনি জানান, অনেক স্থানে দাবানাল এখন নিয়ন্ত্রণে থাকলেও লাহাইনার আশপাশসহ দ্বীপের কিছু অংশে তা সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ খোঁজার জন্য প্রশিক্ষিত স্নিফার কুকুর মোতায়ন করা হয়েছে।
মাউই পুলিশ প্রধান জন পেলেটিয়ার বলেছেন, এখন পর্যন্ত তারা মোট এলাকার মাত্র ৩ শতাংশ তল্লাশি শেষ করতে পেরেছে।তিনি বলেন, নিহতদের শনাক্ত করতে দ্রুত ডিএনএ পরীক্ষা করাতে হবে। ৮৯টি মৃতদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। এই সংখ্যা যে কত বড় হবে তা এখন বলা সম্ভব না।
দাবানলে ২ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগই লাহাইনা এলাকায় ছিল।








