বর্তমানে কঠিন সময় পার করছেন গুণী নাট্যনির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু। ক্যানসারে আক্রান্ত এই নির্মাতার চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। তাই সরকারের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।
নাটক নির্মাণে দীর্ঘদিনের অবদানে দর্শকমহলে পরিচিত মুখ মাতিয়া বানু শুকু। তিনি ভাষা সৈনিক প্রয়াত আব্দুল মতিন (ভাষা মতিন) -এর বড় মেয়ে।
‘গোল্লাছুট’, ‘টু লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’র মতো জনপ্রিয় ধারাবাহিকের নির্মাতা শুকু। পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও পেয়েছেন সাফল্য; ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
প্রায় আট মাস আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই-এ নেওয়া হয়। সেখানে নিয়মিত কেমোথেরাপি ও থেরাপি দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে কেমো এবং নির্দিষ্ট সময় পরপর থেরাপি নিতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা হিসেবে পরিবারকে বড় চাপে ফেলেছে।
মাতিয়া বানুর শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক বলেন, শিল্পীজীবনে কোনো আর্থিক নিরাপত্তা বা পেনশন না থাকায় এমন কঠিন সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। হঠাৎ অসুস্থতায় পরিবারের ওপর বড় চাপ তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বন্ধু-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সহায়তা পাওয়া গেলেও চিকিৎসার ব্যয় সামাল দিতে তা যথেষ্ট নয়। সামনে আবারও চিকিৎসার জন্য চেন্নাই নেওয়ার প্রস্তুতি চলছে; ২৩ এপ্রিলের জন্য অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে।
সরকারের সহায়তার আশায় তিনি বলেন, এই দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যেতে রাষ্ট্রীয় সহায়তা অত্যন্ত জরুরি। সরকার পাশে দাঁড়ালে কৃতজ্ঞ থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
সবশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবার সৃষ্টিশীল কাজে ফিরতে পারেন মাতিয়া বানু শুকু।








