ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে আট স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলা মামলার বিচার কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। আদালতে চলা মামলার এক রুলে এ নির্দেশ দেয়া হয়েছে। ২০২৫ সালের মার্চে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বুয়েন্স আয়ার্সের সন্নিকটে সান ইসিদ্রো আদালতে চলা মামলায় শুনানিতে বলা হয়, আটজন অভিযুক্তের মধ্যে তিন জন আবেদন করেন মামলার শুনানি পিছিয়ে দেয়ার জন্য। তাদের আবেদনের প্রেক্ষিতে শুনানি মার্চের ১১ তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয়বার মামলার শুনানি পিছিয়ে দেয়া হল। আগে মামলার তারিখ ছিল জুন ৪-এ। তখন আবেদন করা হয় শুনানি পিছিয়ে অক্টোবর ১ তারিখ করতে।
কিংবদন্তি ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল লাতিন আমেরিকার আর্জেন্টিনা। ২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কের অস্ত্রোপচারের কিছুদিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।








