বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ভোট যে এত আনন্দ ও উৎসবমুখর হবে, তা অনেকেই ভাবতে পারেনি। দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘বাংলাদেশের মানুষ আজ একটি সত্যিকারের আনন্দের উৎসব পেয়েছে। সারাদিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে মানুষের মধ্যে যে আগ্রহ ও উচ্ছ্বাস দেখেছি, তাতে আমি অভিভূত। আমি অত্যন্ত আশাবাদী যে, একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল আসবে।’’
তিনি আরও বলেন, ‘‘এই সুন্দর ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আমরা দীর্ঘ ১৫ বছর রাজপথে সংগ্রাম করেছি। এই নির্বাচনের ফলে দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচিত সরকার পাবে, যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।’’
এর আগে, তিনি ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও প্রার্থীর সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।








