ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তি শেষ হচ্ছে স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার। তার জায়গায় নতুন গোলকিপার আনছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ইন্টার মিলানের আন্দ্রে ওনানা আছেন তালিকায় সবার উপরে, যাকে খুব করে চাচ্ছে ওল্ড ট্রাফোর্ড।
কোচ এরিক টেন হাগ নতুন গোলরক্ষক খুঁজছেন অনেকদিন ধরেই। খুঁজতে খুঁজতে তার চোখ পড়েছে ক্যামেরুন তারকা ওনানার উপর। সান সিরো থেকে তাকে আনতে গুণতে হবে ৫০ মিলিয়ন। ক্লাবও রাজি। খুব দ্রুতই সবুজ সংকেত পাবেন টেন হাগ।
১২ বছর ধরে রেড ডেভিলদের গোলমুখ আগলে রাখা ডি গিয়ার চুক্তি শেষ হচ্ছে এই জুনে। ৩২ বর্ষী তারকাকে ওল্ড ট্রাফোর্ডে রাখতে নতুন চুক্তির আলোচনা চললেও সেটি ব্যর্থ হয়েছে। এজন্য নতুনদের উপর চোখ ক্লাবটির।
ক্যামেরুনের ২৭ বর্ষী ওনানা আগে টেন হাগের অধীনে গোলমুখ সামলেছেন। ডাচ ক্লাব আয়াক্সে সাড়ে চার বছরের কোচিংয়ে ওনানাকে ভালোভাবে গড়েছিলেন তিনি। ডাচম্যানের কোচিংয়ের সাথে বেশ পরিচিতও ওনানা, সেটিও ইতিবাচক বিষয়।
ইতালিতে অসাধারণ একটি মৌসুম কেটেছে ওনানার। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল ঠেকিয়ে নেরাজ্জুরিদের ফাইনালে যেতে বড় ভূমিকা ছিল তার। তার দৃঢ়তায় কোপা ইতালিয়া জেতে ইন্টার মিলান। লিগ টেবিলে তিনে থাকায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়েছে এবারের রানার্সআপ দলটির।







