ক্লাব মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হয়ে টাইব্রেকারে গড়ায়। তাতে ম্যানসিটিকে ৪-১ ব্যবধানে হারিয়ে প্রাক-মৌসুম ম্যাচে দারুণ জয় তুলেছে বার্সা।
ফ্লোরিডার অরল্যান্ডোতে বুধবার বাংলাদেশ সময় সকালে ম্যাচের ২৪ মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন পাউ ভিক্টর। ৩৯ মিনিটে নিকো ও’রিলির লক্ষ্যভেদে সিটি সমতায় ফেরে।
বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সেলোনাকে আবারো এগিয়ে দেন পাবলো তোরে। দুরহকোণ থেকে নেয়া বাঁ-পায়ের শটে জ্যাক গ্রিলিশের নিশানাভেদে ম্যানসিটি পরে আবারো ম্যাচে ফেরে।
নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে ম্যাচের ফল আসে। বার্সেলোনার হয়ে টাইব্রেকারে বল জালে পাঠান রবার্ট লেভান্ডোভস্কি, নোয়া ডারভিচ, অ্যালেক্স বালদে ও আন্তোনিও ফার্নান্দেজ। সিটি প্রথম দুটি শট মিস করে। কালভিন ফিলিপস ও জ্যাকব রাইট লক্ষ্যভেদে ব্যর্থ হন। তৃতীয় শটে আমর আবদির রহমান আহমেদ জালের দেখা পেলেও তা পরাজয় এড়াতে পারেনি।








