রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও কবর থেকে উঠিয়ে পোড়ানোর ঘটনায় মরদেহে পেট্রোল ছিটানো ব্যক্তি নজরুল ইসলাম নজিরকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়ার আকবর শেখের ছেলে।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। বিকেলে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে, পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাত জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত সোমবার রাতে নুরাল পাগলের ভক্ত নিহত রাসেল মোল্লাকে হত্যা, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি, জখমের অভিযোগে নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার জনকে আসামি করে গোয়ালন্দ থানায় মামলা করেছেন।
এর আগে গত শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে মামলা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, নিহত রাসেলের হত্যা মামলায় নজরুল ইসলাম নজিরকে গ্রেপ্তার হয়েছে। এরমধ্যে অপু, বিল্লু ও সোহান সরদার, অভি মন্ডল রঞ্জু ও মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আবু সাঈদ, মো. রাসেল শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।








