আউটডোর শুটিংয়ে গিয়ে জনপ্রিয় মালায়ালাম অভিনেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। যে মৃত্যু নিয়ে রীতিমত চাঞ্চল্য। রবিবার দক্ষিণ ভারতের তিরুবনন্তপুরমের ভ্যানরোস জংশনের কাছে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় মালায়ালাম অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ।
হোটেলের কর্মীরা তাকে ঘরে মৃত অবস্থায় উদ্ধার করেন বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই দিলীপ শঙ্করের অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।
দক্ষিণের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, দিলীপ শঙ্কর নামে ওই অভিনেতা চার দিন আগে তিরুবনন্তপুরমের হোটেলে ‘পঞ্চগ্নি’ নামে একটি টিভি শোয়ের শুটিংয়ের জন্য এসেছিলেন। তিনি আদপে এনার্কুলামের বাসিন্দা।
হোটেলের কর্মচারীরা জানান, দু’দিন ধরে তিনি আর ঘর থেকেই বের হননি। এরপর রবিবার হোটেলের ওই ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে হোটেলের কর্মীরা লক ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানেই অভিনেতাকে মৃত অবস্থায় দেখেন তারা। এরপর হোটেলের পক্ষ থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, একটি ফরেনসিক দল হোটেলের ওই ঘরটি পরীক্ষা নিরীক্ষা করছেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। তবে এই মৃত্যুতে পুলিশ প্রাথমিকভাবে কোনও ষড়যন্ত্রের গন্ধ পায়নি।
‘পঞ্চগ্নি’ সিরিয়ালের পরিচালক মনোজ জানিয়েছেন, দিলীপ শঙ্কর শুটিং থেকে দু’দিনের বিরতি নিয়েছিলেন। আর এর মাঝে দীলিপ তার বা তার সহ-অভিনেতাদের ফোনে সাড়াও দেননি বলে জানিয়েছেন তিনি। পরিচালক তাদের আরও বলেন অভিনেতা দিলীপ শঙ্কর স্বাস্থ্য সংক্রান্ত বেশকিছু সমস্যায় ভুগছিলেন। তবে তার ঠিক কী হয়েছিল, তা তিনি জানাননি।
টেলিভিশনের পাশাপাশি চাপ্পা কুরিশ, উত্তর ২৪- এর মতো সিনেমাতেও অভিনয় করেন দিলীপ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মালায়ালাম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নামে।







