টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড শুরুটা করেছিল আক্রমণাত্মক। প্রথম ওভারেই বোর্ডে জমা করে ১২ রান। বল হাতে খরুচে ছিলেন ট্রেন্ট বোল্ট। আরেক নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি নিয়ন্ত্রিত বোলিং করে রানের গতিতে খানিকটা লাগাম টেনেছেন, ডেভিড মালানকে ফিরিয়েছেন সাজঘরে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী খেলায় ইংলিশদের সংগ্রহ ১২ ওভারে এক উইকেটে ৬১ রান। জনি বেয়ারস্টো ৩২ ও জো রুট ১৩ রানে ক্রিজে আছেন।
দলীয় ৪০ রানে ভাঙে বর্তমান চ্যাম্পিয়নদের ওপেনিং জুটি। হেনরির করা অফস্টাম্পের বাইরের বলে স্ট্রোক খেলতে গিয়ে পূর্ণ ভারসাম্য রাখতে পারেননি মালান। ইংলিশ ওপেনার ২৪ বলে ২ চারে ১৪ রান করে টম ল্যাথামের গ্লাভসবন্দি হন।
এদিকে, এক লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শক উপস্থিতি একেবারেই কম। টপ ভিউ ক্যামেরায় দর্শকদের মাথা গুনতে পারার মতো পরিস্থিতি! মনে করিয়ে দিচ্ছে করোনাকালীন দর্শকশূন্য গ্যালারিতে খেলা হওয়ার কথা। খাঁ খাঁ গ্যালারি বিশ্বকাপের উত্তেজনাকে যেন করছে ম্রিয়মাণ।








