‘জিরো ডিগ্রি’ মুক্তির প্রায় ৯ বছর পর ‘প্রহেলিকা’ সিনেমা করলেন মাহফুজ আহমেদ। এ সিনেমার ‘মেঘের নৌকা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে।
বুবলীর সঙ্গে রোমান্টিক এ গানে মাহফুজ আহমেদের রোমান্স নজর কেড়েছে। মাহফুজ আহমেদ নিজেও জানান, তিনি এ গানটির প্রেমে পড়েছেন।
মাহফুজ বলেন, গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো।
সোমবার রাতে ইমরান ও কোনালের গাওয়া এ গানটি প্রকাশের ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে গেছে। যারাই গানটি দেখছেন মুগ্ধতা প্রকাশ করছেন।
প্রশংসা করছেন মাহফুজের ফিরে আসা নিয়ে। কেউ কেউ বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়ালো মাহফুজ-বুবলীর এই গান।
আবার কেউ কেউ বলছেন, চলতি বছর এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া সবচেয়ে মুগ্ধকর রোমান্টিক গান এটি। লিখেছেন আসিক ইকবাল।
বুবলী জানান, এমন মিষ্টি সুর ও কথার গান সচরাচর আসে না। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, গানটি প্রকাশের পরও তার তেমন লাগছে।
‘মেঘের নৌকা’র কোরিওগ্রাফি হাবিবের। ‘প্রহেলিকা’ পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। চলতি বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পাবে।








