যুক্তরাষ্ট্রের একটি আটককেন্দ্র থেকে প্রথমবারের মতো দুটি ছবি প্রকাশ করেছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত জানুয়ারিতে অপহরণের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মার্কিন বিশেষ বাহিনী ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনের একটি আটককেন্দ্রে তাদের রাখা হয়েছে। মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলছে। তবে দুজনই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে স্প্যানিশ ভাষায় ছবি দুটি প্রকাশ করে মাদুরো লিখেছেন, আমার সব নাতি-নাতনি, ছেলে-মেয়ে এবং যারা আমাদের ভালোবাসেন, সেই সব ভালো মানুষের জন্য ছোট্ট উপহার হিসেবে এই ছবিগুলো পাঠাচ্ছি।
তিনি আরও লিখেছেন, আপনারা জানুন, আমরা দৃঢ় আছি এবং আমাদের হৃদয় আপনাদের ভালোবাসায় পূর্ণ।
‘আমরা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর ব্যবস্থা করবেন। ভেনেজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে।’
ছবি দুটিতে মাদুরোকে ধূসর ট্র্যাকস্যুট পরা অবস্থায় দেখা যায়। দুই হাতে ভি চিহ্ন দেখিয়েছেন তিনি। আটকের পর থেকে তার ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও ছবিতে মনে হচ্ছে।
রোববার ছবিগুলো প্রকাশ করা হলেও ছবির টাইমস্ট্যাম্প অনুযায়ী সেগুলো তোলা হয়েছিল গত ২৫ জুন। এর এক দিন আগে উত্তর ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
ছবিগুলো আসল কি না এবং আটককেন্দ্র কর্তৃপক্ষ এগুলো প্রকাশের অনুমতি দিয়েছিল কি না, তা জানতে বার্তা সংস্থা এএফপি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি।
মাদুরোর এই বার্তা প্রকাশের দুই দিন আগে তার উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেলক্ষেত্রে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়ে একটি ঐতিহাসিক তেল চুক্তির ঘোষণা দেন।
সাবেক এই নেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কারাগারে মাদুরোর সংবাদপত্র বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে মাসে প্রায় ৩০০ মিনিট ফোনে কথা বলার অনুমতি রয়েছে। প্রতিটি কলের সর্বোচ্চ সময় ১৫ মিনিট।
মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিচার আগামী ১ জুন ২০২৭ শুরু হওয়ার কথা। নিউইয়র্কের একটি ফেডারেল আদালত গত জুলাইয়ের শেষ দিকে এ তারিখ ঘোষণা করে।









