সাত দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। এতে ক্ষয়-ক্ষতির পাশাপাশি বেড়েই চলেছে মৃত্যু।
সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদেন বলা হয়, ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টার পরেও নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন।
প্রতিবেদনে বলা হয়, আগুনে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছেন। তবে তল্লাশি অভিযান শুরু করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের চিফ অ্যান্থনি মাররোন বলেন, শক্তিশালী বাতাসের প্রভাবে বুধবার পর্যন্ত আগুন অব্যাহত থাকতে পারে। এছাড়া দাবানল থেকে রক্ষা পেতে এক লাখ ৫৩ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশপাশি ৮৭ হাজার মানুষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
এছাড়া লুটপাটের ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাবানল পরিস্থিতি প্রত্যক্ষ করতে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।








