পঞ্চম দিনের সকালের সেশনেই চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে ভারত। রাত ৯টায় শুরু হতে চলা আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খোশ মেজাজে উপভোগ করতে পারবেন কোহলি-রাহুলরা। উপভোগের মন্ত্রেই রাতে টিভির সামনে বসবেন বলে জানালেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের বড় একটা অংশ আর্জেন্টিনার সমর্থক— এটা সবারই জানা। ভারতীয় ক্রিকেট দলে আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা অবশ্য তেমনটা নয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাহুলের কাছে জানতে চাওয়া হয়েছিল ভারতীয় দল রাতে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে কিনা। জবাবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, ‘আমরা বেশিরভাগ যাদের সমর্থন করছিলাম, এরইমধ্যে বাদ পড়ে গেছে। কয়েকজন ব্রাজিলভক্ত কেউ ইংল্যান্ডের ভক্ত। জানি না কে বা কারা সত্যিকারভাবেই আর্জেন্টিনা বা ফ্রান্সের সমর্থক।’
‘আমরা সবাই একসঙ্গে খেলা দেখব। ভালো খাওয়া-দাওয়া করবো। মজা করবো। টেস্টের পাঁচ দিন আসলে লম্বা সময়, বেশ ক্লান্তিকর। আজ উপভোগ করবো। বিশ্বকাপের ফাইনাল। আমরা সবাই ফুটবল ভালোবাসি, আপনারা আমাদের ওয়ার্মআপে ফুটবল খেলতে দেখে থাকবেন। হোটেল রুমেও ফিফা (গেম) তো চলে। ভারতীয় দল কিছুটা বিভক্ত হবে সেটি স্রেফ মজার খাতিরেই।’








